শহরের ফুটবলে গ্রামের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরাঙ্গীরচর মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে বসেছিল বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬। গতকাল ছিল ফাইনাল। খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় করেছিল হাজারো মানুষ l ছবি: হাসান রাজা
কামরাঙ্গীরচর মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে বসেছিল বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬। গতকাল ছিল ফাইনাল। খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় করেছিল হাজারো মানুষ l ছবি: হাসান রাজা

শুক্রবার বিকেল তিনটা। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে মাঠের চারপাশ ও আশপাশের বাসাবাড়ির ছাদ-কার্নিশে উপস্থিত ১৪ থেকে ১৫ হাজার দর্শক। বিকেল সাড়ে তিনটায় ঘোড়ার গাড়ি ও মোটর শোভাযাত্রায় পৃথকভাবে মাঠে নামেন রনি মার্কেট ফুটবল ক্লাব বনাম প্রতিভা স্পোর্টিং ক্লাব। ৩টা ৪০ মিনিট বাজতেই শুরু হয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। দুই দলে বিভক্ত হয়ে যান জার্সি গায়ে থাকা সমবেত দর্শকেরাও।
রাজধানীর কামরাঙ্গীরচর মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে গতকাল বিকেলে হয় এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। মাঠে খেলা শুরু হওয়ার পর থেকেই ছিল টানটান উত্তেজনা৷ প্রথম পর্বে গোল দেওয়ার একাধিক সুযোগ পেয়েছে দুই দল৷ কিন্তু কেউই তা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি৷ এভাবে দ্বিতীয় পর্বের অর্ধেকের বেশি সময় চলে যায়৷ খেলা শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে রসুলপুরের রনি মার্কেট ফুটবল ক্লাবের জালে একটি গোল দেয় বড়গ্রামের প্রতিভা স্পোর্টিং ক্লাব৷ এ সময় ভ্যান পার্টির বাদ্যযন্ত্রের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দর্শকেরা।
কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকা থেকে মাঠে খেলা দেখতে এসেছেন শফিকুল ইসলাম৷ তিনি বলেন, ঢাকা শহরের মানুষের মধ্যে গ্রামের চিরচেনা আমেজ ফুটিয়ে তুলেছে এই টুর্নামেন্ট৷
গত ১৯ আগস্ট ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করি, ফুটবল আনন্দে মাতি’ স্লোগানে ১৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
গতকাল খেলা শেষে বিজয়ী দল ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি কামরাঙ্গীরচরে একটি ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণ করার ঘোষণা দেন৷ রানারআপের পুরস্কার গ্রহণ করেন রনি মার্কেট ফুটবল ক্লাব দলের মালিক মাহবুবুল হক খান ওরফে রনি৷ বিজয়ী দলের পুরস্কার নেন প্রতিভা স্পোর্টিং ক্লাবের মালিক নাদিম হোসেন৷
ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, কামরাঙ্গীরচরের বাসিন্দাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতেই এই টুর্নামেন্ট৷
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, রনি মার্কেটের স্বত্বাধিকারী সাবেক যুগ্ম সচিব জহিুরুল হক খান, ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরে আলম, ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।