শহরের বর্জ্যে জৈব সার
হাটবাজার, রেস্তোরাঁ ও বাসাবাড়ির বর্জ্য আগে যেখানে-সেখানে ফেলে রাখা হতো। তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হতো। সেই চিত্র এবার পাল্টে গেছে। বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে বর্জ্য ফেলার পাত্র। এসব বর্জ্য সংগ্রহ করে তৈরি করা হচ্ছে জৈব সার। মৌলভীবাজারের জুড়ীতে এ কার্যক্রম চলছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের (ম্যাট-২) অংশ হিসেবে ‘ডেভলপিং অ্যান্ড সাসটেইনেবল ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস অ্যান্ড মেকিং কম্পোস্ট বাই ইউজিং নন হেজার্ডস ওয়াস্ট ইন নন মিউনিসিপ্যাল এরিয়া থ্রো কমিউনিটি পারটিসিপেশন’ প্রকল্পের আওতায় ২০১২-১৩ অর্থবছরের এ কার্যক্রমটি শুরু হয়। প্রাথমিকভাবে উপজেলা পরিষদের তহবিল থেকে দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিতকে সভাপতি করে একটি বর্জ্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এ ছাড়া প্রকল্পের কাজ দেখভাল করতে একজন কার্য-তদারককারী (সুপারভাইজার) ও দুজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়। পরে বর্জ্য সংগ্রহের জন্য উপজেলা সদরের বিভিন্ন হাটবাজার, বসতবাড়ি ও রেস্তোরাঁয় ৪০টি প্লাস্টিকের ড্রাম স্থাপন করা হয়।
প্রকল্পের কার্য-তদারককারী খায়রুল ইসলাম প্রথম আলোকে জানান, বিভিন্ন জায়গা থেকে বর্জ্য সংগ্রহের পর তা বাছাই করা হয়। পলিথিন, প্লাস্টিক, লোহা, কাচ, নুড়ি-পাথর ও টিন আলাদা করে রাখা হয়। পরে বর্জ্যের সঙ্গে নির্দিষ্ট পরিমাণে গোবর, কচুরিপানা, খৈল, মুরগির বিষ্ঠা, কাঠের গুঁড়া, ধানের ভুসি, চুনসহ ইউরিয়া, টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও পটাশ জাতের সার মিশিয়ে চারটি গর্তে ফেলা হয়। টানা দুই মাস তা গর্তে রাখা হয়। এ সময় উপকরণগুলো পচাতে প্রতিদিন গর্তে পরিমাণমতো পানি ঢালা হয়। নির্দিষ্ট সময় পর জৈব সার তৈরি হলে গর্ত থেকে বাইরে এনে রোদে শুকানো হয়। পরে তা বাছাই করে বস্তায় ভরে রাখা হয়। এ পদ্ধতিতে শুধু সার, খৈল ও চুন কিনতে হয়।
বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও ইউএনও মোহামঞ্চদ শহিদুল ইসলাম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় এটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে আমি মনে করি। এ কাজ চলমান থাকবে। এ কাজ বাস্তবায়নে পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু ট্রাস্ট তহবিল থেকে আরও প্রায় ছয় লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মীর বজলুর রশীদ বলেন, রাসায়নিক সারের চেয়ে জৈব সারের গুরুত্ব অনেক বেশি। এ সার জমির উর্বরতা ও পানিধারণ ক্ষমতা বাড়ায়। তা ছাড়া এ সার পরিবেশবান্ধব।