শহরের বাতাস দূষিত, নিশ্বাস নেওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের সহায়তায় গতকাল সকালে রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে বইপড়া কর্মসূচি অনুষ্ঠানে বই হাতে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের সহায়তায় গতকাল সকালে রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে বইপড়া কর্মসূচি অনুষ্ঠানে বই হাতে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

বড় জাতি তৈরি করতে হলে দরকার বড় একটি মন। বড় মনের মানুষ হতে হলে সবাইকে পড়তে হবে বই। জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে নতুন প্রজন্মকে।
গতকাল বুধবার নিউ ইস্কাটনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ এ কে এম সামসুল হক খান হলে ‘বইপড়া কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ৷ বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত দেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য বইপড়া কর্মসূচির (দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম) উদ্বোধন করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক নুরুল ইসলাম৷ এই কর্মসূচির সহায়তার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৫ হাজার বই দিয়েছে মুঠোফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়। প্রায় ৪০০টি স্কুল ও কলেজে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর মাঝে এই বইপড়া কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির অধীনে আছে প্রায় দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের দুই লাখ শিক্ষার্থী। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘যার মধ্যে জ্ঞানের আলো বেশি, তার সম্মানও তত বেশি। তাই আমাদের জীবনে সবচেয়ে বেশি দরকার জ্ঞানের আলো।’ তিনি বলেন, জীবনে বড় হতে হলে দরকার উন্মুক্ত পরিবেশ। কিন্তু ঢাকা শহরে সে জায়গা নেই। শহরের বাতাস দূষিত হয়ে গেছে, নিশ্বাস নেওয়া যায় না। ফলে মানুষের ফুসফুসে ক্যানসার হচ্ছে। ঢাকা শহরের পরিবেশের জন্য আরও ৩০টি পার্ক থাকা দরকার ছিল।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, আলোকিত মানুষ ছাড়া আলোকিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রত্যেককে বই পড়ে আলোকিত মানুষ হতে হবে। প্রতিটি সময়ে নতুন কিছু শিখতে হবে।
বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বলেন, দেশের ১৬ কোটি মানুষ বই পড়ে আলোকিত হলে দেশ বিকশিত হবে। নতুন প্রজন্মকে বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ ও বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কল্যাণময় সরকার বক্তব্য দেন।