শহরের বিদ্যালয়গুলোতে কাঙ্ক্ষিত ফল, সন্তোষ

এবার এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শহরের বিদ্যালয়গুলো কাঙ্ক্ষিত ফল অর্জন করেছে। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। ফলে শিক্ষক ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেছেন।
জেলা শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও প্রিমিয়ার আইডিয়াল স্কুল থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ স্কুলগুলোয় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রত্যাশিত বলে জানিয়েছেন প্রধান শিক্ষকেরা।
এবার বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩১২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৯ জন। গতকাল দুপুরে স্কুলটিতে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বিদ্যালয়টির জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জান্নাতুল হাফসা বলে, ‘স্কুলের ফলাফলে আমরা খুশি। আমার এ ফলের জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।’
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর আমার বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমি চাই, শিক্ষার্থীরা জীবনের সব ক্ষেত্রে সফল মানুষ হোক।’
এবার জিলা স্কুল থেকে ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়েও দুপুরে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
গার্লস ক্যাডেট কলেজ থেকে এবার ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে। প্রগ্রেসিভ মডেল স্কুল থেকে ২৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৩৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৮ দশমিক ৬৭। এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল শহীদুল হাসান এ ফলাফলকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন।
ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল স্কুল থেকে ২৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া বলেন, ‘ফলাফলে আমরা খুশি। তবে ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের জন্য চেষ্টা করব।’