শহরের বুকে ক্ষতবিক্ষত রাস্তা
সারা দেশের মতো পাবনা শহরের সাত কিলোমিটার রাস্তার অবস্থাও বেশ নাজুক। সংস্কারের অভাবে নয়, শহরের সৌন্দর্যবর্ধনের নামে দুই পাশ থেকে রাস্তার মাঝ অবধি কেটে দুই মাস ধরে ফেলে রাখা হয়েছে। এতে বাসাবাড়ি ও বিপণিবিতানে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সংকীর্ণ হয়ে যাওয়ায় সে রাস্তা দিয়ে যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে। ঠিকাদারের দাবি, আগে রাস্তা থেকে বিদ্যুতের খুঁটিগুলো সরানো হোক, পরে বাদবাকি কাজ। বিদ্যুৎ বিভাগ বলছে, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর আগে টাকা দিক, পরে সরানোর চিন্তা। এ দিকে সওজ বলছে, তাদের কাছে টাকা নেই। এভাবে দুই বিভাগের রশি টানাটানি ও ঠিকাদারদের গাফিলতির কারণে ছেঁড়াখোঁড়া রাস্তা নিয়ে দুই মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছেন পাবনা শহরবাসী। জানা গেছে, বরাদ্দ থাকা সত্ত্বেও বন্ধ রাখা হয়েছে শহরের মিডিয়ান (সড়ক বিভক্তিকরণ দ্বীপ) নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ। সড়কে থাকা বিদ্যুতের খুঁটি না সরিয়েই কাজ শুরু করেছিলেন ঠিকাদার। খোঁড়াখুঁড়ির পর এখন কাজ বন্ধ রয়েছে। সওজ সূত্র জানায়, পাবনার বাসিন্দারা দীর্ঘদিন ধরে যানজট-সমস্যায় ভুগছে। শহরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সওজ বিভাগ শহরের পূর্ব পাশে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মধ্য শহরের আবদুল হামিদ সড়ক ও পশ্চিম পাশে গাছপাড়া মোড় থেকে আবদুল হামিদ সড়ক পর্যন্ত সাত কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের প্রকল্প হাতে নেয়। প্রকল্পটির নাম দেওয়া হয় ‘পেভমেন্ট প্রশস্তকরণ ও মিডিয়ান নির্মাণ প্রকল্প’। এর আওতায় সড়কের দুই পাশ প্রশস্তকরণ, দুই কিলোমিটার আরসিসি নালা নির্মাণ, ছয়টি বক্স কালভার্ট, সাড়ে চার কিলোমিটার মিডিয়ান নির্মাণ, সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপণ ও আলোকসজ্জা হওয়ার কথা রয়েছে। এ কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। দুজন ঠিকাদার প্রকল্প বাস্তবায়নের কার্যাদেশ পেয়েছেন। গত ৬ জুন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকার আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। কাজ শুরু হলে ঠিকাদারেরা সড়কের দুই পাশ থেকে ১০ ফুট করে প্রায় ২০ ফুট এলাকার মাটি খুঁড়ে গর্ত তৈরির পর কাজ বন্ধ করে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ধ্রুব কনস্ট্রাকশনের মালিক সাইফুল আলম বলেন, ‘বিদ্যুতের ২২৪টি খুঁটি না সরানো পর্যন্ত নির্মাণকাজ শুরু করা সম্ভব নয়। এই খুঁটি সরাতে সওজ ও পাউবো উদাসীনতার পরিচয় দিচ্ছে। তারা একে অপরের মধ্যে চিঠি চালাচালি করলেও সমস্যার সমাধানে কোনো অগ্রগতি হচ্ছে না।’ অপর ঠিকাদারি প্রতিষ্ঠান নাটোরের মেসার্স মীর শরিফুল আলমের কারও বক্তব্য পাওয়া যায়নি। সওজের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ বলেন, কাজ শুরুর আগে গত ১০ জানুয়ারি পাবনা বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ ও ২-এর নির্বাহী প্রকৌশলীকে খুঁটিগুলো সরানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ একটি খুঁটিও সরায়নি। পরবর্তী সময় আরও প্রায় সাতবার তাদের চিঠি দেওয়া হয়েছে। তারা কর্ণপাত করেনি। অপর দিকে, পাবনা বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম বলেন, বিদ্যুৎ-ব্যবস্থা ব্যাহত করে খুঁটি সরানো সম্ভব নয়। খুঁটি সরিয়ে নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য এক কোটি ৭২ লাখ ২৩ হাজার ২৬২ টাকা ব্যয় হবে। নিয়মানুযায়ী এই ব্যয় নির্বাহের দায়িত্ব সওজের। ব্যয়ের হিসাব জানিয়ে সওজকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সওজ টাকা পরিশোধ করেনি। সওজের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ আরও বলেন, নতুন বিদ্যুৎ লাইন তৈরির বিপুল অঙ্কের এই টাকা সড়ক বিভাগের কাছে নেই। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উভয় দপ্তরের মধ্যে আলোচনা চলছে। এদিকে হঠাৎ করে নির্মাণকাজ বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছে শহরবাসী। শহরবাসীর অভিযোগ, খুঁটি না সরিয়ে অপরিকল্পিতভাবে ঠিকাদারেরা সড়কের নির্মাণকাজ শুরু করায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। মাসুম বাজার এলাকার বাসিন্দা বিপুল হোসেন বলেন, ‘নির্মাণকাজের জন্য আমার বাড়ির সামনে দিয়ে গর্ত খুঁড়ে রাখা হয়েছে। এখন বাড়ি থেকে বের হতে খুব কষ্ট হয়।’ একই মহল্লার মুদি দোকানদার আজমল হোসেন বলেন, দোকানের সামনে দিয়ে গর্ত খুঁড়ে রাখায় একটু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। আবার পানি চলে গেলে কাদা তৈরি হচ্ছে। ক্রেতারা জল-কাদা মাড়িয়ে দোকানে আসতে চায় না। ফলে নির্মাণকাজ শুরুর পর থেকে ব্যবসা এক রকম বন্ধ রয়েছে। পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান শহরবাসীর দুর্ভোগের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, যত দ্রুত সম্ভব বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে নির্মাণকাজ শুরু করা দরকার। অন্যথায়, প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হয়ে জনদুর্ভোগ আরও বাড়বে। শহরবাসীর অসুবিধার কথা বিবেচনা করে আমরা উভয় বিভাগকে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের অনুরোধ জানিয়েছি।