শহরের ব্যস্ত সড়ক হঠাৎ বাসস্ট্যান্ড
ঈদের কেনাকাটার ব্যস্ততায় এমনিতেই শহরে যানজট লেগে থাকে। তার ওপর ঠাকুরগাঁওয়ের ব্যস্ত বঙ্গবন্ধু সড়কের জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে গতকাল বুধবার সকালে জেলার বিভিন্ন রুটের বাস চলাচল শুরু করে জেলা মোটর মালিক সমিতি। এতে পুরো শহরে তীব্র যানজট ছড়িয়ে পড়ে।
শহর থেকে ডিজেলচালিত তিন চাকার (ত্রি হুইলার) গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করতে মোটর মালিক সমিতি বাস চলাচলের সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, জেলা ও দায়রা জজ আদালতের সামনের ব্যস্ত সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছে চার-পাঁচটি যাত্রীবাহী বাস। বাসের শ্রমিকেরা সেখান থেকে চিৎকার করে যাত্রী ডাকছেন। মালিক সমিতির লোকজন দলবল নিয়ে পাহারা দিচ্ছেন।
জেলার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সার্জেন্ট ফারুক হোসেন পাশে দাঁড়িয়ে বলেন, ব্যস্ত সড়কের ওপর বাসস্ট্যান্ড চালু করে যাত্রী পরিবহন শুরু করেছে মোটর মালিক সমিতি। তাদের কোনোভাবেই বোঝানো যাচ্ছে না।
গতকাল বুধবার সকালে মোটর মালিক সমিতির লোকজন বঙ্গবন্ধু সড়ক থেকে তিন চাকার যান সরিয়ে দিয়ে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সড়ক থেকে বাস সরিয়ে নেওয়া হয়।
মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, তিন চাকার এসব অবৈধ যানের চলাচল বন্ধে প্রশাসন পদক্ষেপ নিলেই সমস্যার সমাধান হয়ে যায়।