শহরের মধ্যে মাটির রাস্তা হাজারো শিক্ষার্থীর দুর্ভোগ
নেত্রকোনা পৌর শহরের সাতপাই অধ্যাপকপাড়ায় মাত্র ৫০০ গজ দীর্ঘ একটি মাটির রাস্তা সংস্কার না করায় সহস্রাধিক কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাটি মেরামতের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও কোনো কাজ হচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে।এলাকাবাসী সূত্র জানায়, অধ্যাপকপাড়ার জামে মসজিদের কাছ থেকে জেলা শিক্ষা কার্যালয়ের পেছনের পাকা সড়ক পর্যন্ত প্রায় ৫০০ গজ দীর্ঘ মাটির এই রাস্তাটি ৩৫ বছরের পুরোনো। এ রাস্তার উত্তর পাশে বাসাবাড়ি ও দক্ষিণ পাশে নিচু জলাশয় রয়েছে। জলাশয়ের ঢেউয়ে প্রতি বর্ষায় রাস্তা ভাঙে। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি ভেঙেচুরে বিলীন হওয়ার পথে। অথচ এটিই হচ্ছে অধ্যাপকপাড়া থেকে শহরে বের হওয়ার প্রধান রাস্তা। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রাস্তার উত্তর পাশে নেত্রকোনা সরকারি কলেজ লাগোয়া আবাসিক এলাকায় ছাত্রদের কমপক্ষে ৩০টি মেস গড়ে উঠেছে। এসব মেসে কলেজপড়ুয়া এক হাজারের বেশি ছাত্রছাত্রী বসবাস করে। দক্ষিণ পাশে রাস্তার একাংশ ভেঙে জলাশয়ে মিশে গেছে। রিকশা চলাচলের অনুপযোগী। গর্তে ভরা উঁচু-নিচু সরু রাস্তা দিয়ে শিক্ষার্থীসহ লোকজন যাতায়াত করছে।নেত্রকোনা সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র আল মামুন বলেন, রাস্তা দিয়ে সাইকেল নিয়েও চলা যায় না। মেসের সামনে বর্ষাকালে রাস্তা আর জলাশয় এক হয়ে যায়। হাঁটুপানি ভেঙে মেসে আসতে হয়। শিক্ষক আমিনুল হক জানান, প্রতিবছর এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি কেটে কোনো রকমে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলে। বর্ষাকালে একাধিক জায়গায় নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো দেওয়া হয়।স্থানীয় পৌর কমিশনার আবুল কালাম বলেন, ‘রাস্তাটি মেরামতের জন্য পৌর মেয়রের সঙ্গে প্রতিনিয়তই আলোচনা করছি। কিন্তু টাকার অভাবে রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না।’ পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।