শহরের লেকে শখের নৌভ্রমণ

মুন্সিগঞ্জের মেয়ে সুমিত্রা বিশ্বাসের জ্যোৎস্না ভালো লাগে। পূর্ণিমার রাতে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করা তাঁর পুরোনো অভ্যাস। জ্যোৎস্নার মায়াবী আলোয় নৌকায় ঘোরাঘুরির স্মৃতিও কম নয়। শহরের চাকরিজীবী ছেলের সঙ্গে বিয়ে ঠিক হলে জোৎস্নাভেজা রাতগুলো আর উপভোগ করতে পারবেন না ভেবে মন খারাপ হয় সুমিত্রার।
বিয়ের সপ্তাহখানেকের মধ্যেই স্বামী নয়ন বিশ্বাস স্ত্রীর এই ভালো লাগার কথা জানতে পারেন। এরপর থেকে প্রতি পূর্ণিমায় স্ত্রীকে নিয়ে ধানমন্ডি লেকে বেড়াতে আসেন। ঘণ্টা দুই লেকের পানিতে নৌকায় ভেসে ভেসে জ্যোৎস্না উপভোগ করেন। গত মাস ছয়েক যাবৎ এমনটাই চলছে।
আবার কয়েক মাস আগে ক্লাসে নৌকাভ্রমণ রচনাটি পড়ে রিয়াসাত আলম। এরপর থেকেই ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী নৌকায় চড়ার বায়না শুরু করে। খোঁজখবর নিয়ে তার বাবা গতকাল মঙ্গলবার বিকেলে ধানমন্ডি লেকে নিয়ে আসেন রিয়াসাতকে। আধা ঘণ্টা নৌকায় চড়েন তাঁরা।
বুড়িগঙ্গার তীরে ঢাকার জন্ম। এর বাইরে ঢাকাকে ঘিরে আছে শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদ। ঢাকার বুকে অনেক খাল–বিলও ছড়িয়ে–ছিটিয়ে ছিল একসময়। তখন যোগাযোগের একটি অন্যতম মাধ্যম ছিল নৌকা। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে নদী ভরাট হয়ে গেছে। অনেক খাল–বিলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এতে এই নগরীতে নৌভ্রমণের সুযোগ মেলা কঠিনই বটে।
খোঁজ নিয়ে জানা গেছে, মানুষের চাহিদার কারণে রাজধানীতে কয়েকটি লেক, পার্কে নৌকায় বেড়ানোর ব্যবস্থা আছে। নির্ধারিত ভাড়া দিয়ে, আবার কোথাও কোথাও দরদাম করে নৌকাভ্রমণ সারতে হয়। প্রিয়জন, বন্ধু, স্বজন নিয়ে অনেক নগরবাসী এখানে ঢুঁ মারেন। বদ্ধ জলাশয়ে নৌভ্রমণের স্বাদ নেন।
ধানমন্ডি লেক, সামরিক বিমান জাদুঘরের পার্ক ও উত্তরার দিয়াবাড়ীতে প্যাডেল বোটে (পায়ে চালিত নৌকা) ঘোরার ব্যবস্থা আছে। ধানমন্ডি লেকের বোট ক্লাব অ্যান্ড ক্যাফে জানায়, এখানে নৌকায় চড়তে আধা ঘণ্টার জন্য খরচ করতে হয় ১০০ টাকা। পরে অতিরিক্ত ১৫ মিনিট ৫০ টাকা হারে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত নৌকায় ওঠা যাবে। তবে দিয়াবাড়ীতে ১০০ টাকা ঘণ্টায় নৌভ্রমণের সুযোগ আছে। ছুটির দিন বাদে অন্য দিন আরও কম টাকা চুক্তিতেও নৌকা মিলতে পারে।
গতকাল বিকেলে ধানমন্ডি লেকে গিয়ে দেখা যায়, ডিঙি ক্যাফের পাশে লেকের পানিতে নানান রঙের কয়েকটি খালি প্যাডেল বোট ভাসছে আর নানান বয়সী নারী–পুরুষ বোটে ঘুরে বেড়াচ্ছে। সেখানেই কথা হয় বোটের তত্ত্বাবধানকারী মো. হাসনাতের সঙ্গে। তিনি বলেন, ২০টি বোট সচল আছে। বর্ষাকালে শৌখিন যাত্রীদের আনাগোনা বাড়ে। তবে বয়সভেদে সবাই নৌকায় ঘুরতে পছন্দ করে। কেউ কেউ আধা ঘণ্টার জন্য নৌকা ভাড়া নিয়ে দুই ঘণ্টা পরেও ফিরে আসেন। পরে অতিরিক্ত ভাড়া পরিশোধ করে দেন।
নৌকা থেকে নামতেই কথা হয় রিয়াসাত আলমের সঙ্গে। রিয়াসাত বলে, জীবনে প্রথম নৌকায় উঠে ভালো লেগেছে। তবে নদীতে নৌকায় চড়তে পারলে তার বেশি ভালো লাগত।
পরে কথা হয় রিয়াসাতের বাবা রকিবুল আলমের সঙ্গে। লেকের পানি ও পরিবেশ নিয়ে কিছুটা অসন্তুষ্টি আছে তাঁর।
একই ধরনের কথা বলেন ধানমন্ডি লেকে বেড়াতে আসা শশী রহমান। তিনি বলেন, বর্তমান সময় ঢাকায় নৌকায় বেড়ানোর সুযোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে লেকে পানি কম। ময়লা–আবর্জনা। এখনই ব্যবস্থা না নিলে কিছু দিন বাদে দুর্গন্ধ ছড়াতে শুরু করবে।
এ ছাড়া মিরপুর বেড়িবাঁধ, ঢাকা উদ্যান থেকে নৌকায় বেড়ানোর সুযোগ আছে। বেরাইদ থেকে ডুমনি বাজার পর্যন্ত বৈঠাচালিত নৌকার পাশাপাশি শ্যালো ইঞ্জিনের ট্রলারও চলে। এ পথে অনেক তরুণ সারা দিনের জন্য নৌকা ভাড়া করে পিকনিক করে।