শহরের শিল্পকলায় গ্রামীণ ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ থেকে ভেসে আসছে বাউল সুর। হচ্ছে লোকগান। পিঠার স্বাদ নিতে নিতে দেখা গেল আদিবাসী ও লোকনৃত্য। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর গতকাল রোববারের চিত্র ছিল এমনই।
ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোক্তা সাংস্কৃতিক সংগঠন হাটখোলা ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী। পৌষ মেলা ও পিঠা উৎসব উপলক্ষেই ছিল বর্ণিল এই আয়োজন।
হাটখোলার সমন্বয়ক ইউসুফ মুহম্মদ প্রথম আলোকে বলেন, ‘বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সমাজবদ্ধ হয়ে বসবাস করার সংস্কৃতি থেকেও বিচ্ছিন্ন হতে চলেছি আমরা। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।’
দিনব্যাপী এই উৎসবের প্রথম পর্বে সকালে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ঢালী আল মামুন। এই পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
পৌষ মেলা ও পিঠা উৎসবের উদ্বোধক ছিলেন এস এ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দীন আলম। এই পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।
বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ড. ইলু ইলিয়াস। এতে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গ্রামবাংলার ঐতিহ্য সম্পর্কে শহরের মানুষকে জানানো এই উৎসবের মূল উদ্দেশ্য।