শহরের সব পথ গিয়ে মিশেছে বিনোদনকেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে ছিল প্রখর তাপদায়ী সূর্য। ছিল না ঝিরঝিরে বাতাসের এতটুকু অনুভব। একটু হাঁটলেই ঘামে ভিজে যাচ্ছিল শরীর। কিন্তু আনন্দের আহ্বানে উত্সবপাগল নগরবাসী কি আর ঘরে বসে থাকে? গত তিন দিনের চিত্র বলছে—না, থাকেনি।

ঈদে ঢাকার সব পথ যেন গিয়ে মিশেছিল বিনোদনকেন্দ্রগুলোয়। পরিবহনের সমস্যা এবং প্রচণ্ড গরম উপেক্ষা করে নগরের সব মানুষ যেন হাজির হয়েছিল বিনোদনকেন্দ্রগুলোয়। সোমবার ঈদের নামাজের পর রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে নামে নানা বয়সী মানুষের ঢল। এই ঢল ওই দিন গভীর রাত অবদি ছিল। রাজধানীর সিনেমা হলগুলোতেও ছিল বিনোদনপিয়াসীদের তুমুল উপস্থিতি। শহরের সব পথ যেন গিয়ে মিশেছে বিনোদনকেন্দ্রগুলোয়।

সোমবার ঈদের নামাজের পর থেকে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে নামে নানা বয়সী মানুষের ঢল। ছুটির পর প্রথম কার্যদিবস ছিল গতকাল বুধবার। কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, শাহবাগের শিশুপার্ক, শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের আকর্ষণ গতকালও টেনে এনেছে দর্শনার্থীদের। এসব স্থানে নানা বয়সী মানুষের বিপুল উপস্থিতিতে সজীব হয়ে ওঠে ঈদের আমেজ l ছবি: প্রথম আলো
সোমবার ঈদের নামাজের পর থেকে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে নামে নানা বয়সী মানুষের ঢল। ছুটির পর প্রথম কার্যদিবস ছিল গতকাল বুধবার। কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, শাহবাগের শিশুপার্ক, শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের আকর্ষণ গতকালও টেনে এনেছে দর্শনার্থীদের। এসব স্থানে নানা বয়সী মানুষের বিপুল উপস্থিতিতে সজীব হয়ে ওঠে ঈদের আমেজ l ছবি: প্রথম আলো

চিড়িয়াখানায় ‘তিল ঠাঁই আর নাহি রে’

ঈদে নিম্নবিত্ত, মধ্যবিত্ত কিংবা উচ্চ-মধ্যবিত্তের বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল মিরপুরের চিড়িয়াখানা। শিশুরা মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন মিলে ঘুরে ঘুরে উপভোগ করেছে, দেখেছে খাঁচায় বন্দী নানা রকম বন্য প্রাণী।

এই চিড়িয়াখানায় আছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পশুপাখি। বাঘ, সিংহ, হাতি, হরিণ, জেব্রা, বানর—কী নেই। বেঙ্গল টাইগারের খাঁচার সামনে দেখা গেল সবচেয়ে বেশি ভিড়। চিড়িয়াখানায় একটি প্রাণী জাদুঘরও আছে। রাসায়নিক দিয়ে সংরক্ষণ করা বিভিন্ন প্রাণীর দেহ দেখতে সেখানে কৌতূহলী ছিল অনেকেই।

সোমবার ঈদের দিন সারাবেলা মিরপুর চিড়িয়াখানা খোলা ছিল। দর্শনার্থীর ভিড়ও ছিল ব্যাপক। দ্বিতীয় দিন দুপুরে চিড়িয়াখানায় গিয়ে মনে পড়ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতার পঙ্‌ক্তি, ‘তিল ঠাঁই আর নাহি রে...’। চিড়িয়াখানার কিউরেটর নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদের দিন পৌনে ১ লাখ দর্শনার্থী এসেছে। মঙ্গলবার, বুধবার দুই দিনে দর্শনার্থীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। বুধবার ছিল বছরের সর্বোচ্চ দর্শনার্থীর উপস্থিতি; দেড় লাখ ছাড়িয়ে গেছে!

 চিড়িয়াখানায় যে দিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। পুরান ঢাকা থেকে ছয় বছরের শিশু এশা ইউসুফ এসেছিল বাবার সঙ্গে। এশার বাবা ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, ‘ঈদের সময় বেড়াতে আসার নানা ঝক্কি। সিএনজিচালিত অটোরিকশা দ্বিগুণ ভাড়া নিয়েছে। এখানে এসে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন। তবু বাচ্চার মুখের দিকে তাকিয়ে এসেছি। এখন ভেতরে ঢুকতে পেরে ভালো লাগছে।’

রামপুরা থেকে শিশুসন্তানে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন রিমন-সাথী দম্পতি। রিমন জানালেন, নিজে আগে একাধিকবার এসেছেন। পরিবারের অন্য সদস্যরা কখনো আসেনি। তাই তাদের জন্যই আবারও চিড়িয়াখানায় আসা। ছেলে বানর, হাতি-ঘোড়া-জিরাফ দেখে খুবই খুশি।

মিরপুরের মোস্তাফা জামান বলেন, ‘কর্মক্ষেত্র গুলিস্তান এলাকা হওয়ার কারণে ছেলেমেয়েদের নিয়ে ঘুরে বেড়ানোর খুব একটা সময়-সুযোগ হয়ে ওঠে না। এবার আগেভাগেই পরিকল্পনা করেছি চিড়িখানায় আসার। শুনেছি, এবার নাকি জলহস্তি, জিরাফ. ইম্পালা বাচ্চা দিয়েছে।’

চিড়িয়াখানা
চিড়িয়াখানা

শিশুদের পার্কগুলো: এই কদিন ঢাকা ফাঁকাই ছিল। কিন্তু শাহবাগে জিয়া শিশুপার্কের সামনের এলাকায় প্রতিদিনই যানজট লেগে ছিল। এই পথে যারা এসেছিল, তাদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।

ঈদে শিশু-কিশোরদের বিনোদন সবার আগে। শুধু তাদের জন্যই বাবা-মাকে শহর ঘুরে বেড়াতে হচ্ছে। এ কারণে বিশেষ চাপ শিশুপার্কে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশুরা যেন দখল করে নিয়েছে পুরো এলাকা। ঘূর্ণি চরকি, যুদ্ধবিমান, ট্রেন—সব কিছুতেই চড়তে হচ্ছিল দীর্ঘ লাইন দিয়ে। অপেক্ষা সইতে না পেরে কেউ কেউ বাবা-মায়ের আঙুল ছেড়ে ছুটতে চাইছিল। বিনোদনকেন্দ্রটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল।

যাত্রাবাড়ীর শফিকুল ইসলাম তাঁর ছোট দুই ভাই মাসুদ ও আতিককে নিয়ে এসেছিলেন শিশুপার্কে। সারা বিকেল দুই ভাইকে নিয়ে ঘুরেছেন শফিক। উপভোগ করেছেন বিভিন্ন রাইড। ঈদের ছুটির আগের দুই দিনের মতো গতকাল বুধবারও প্রতিটি রাইডের সামনেই ছিল দীর্ঘ সারি।

শিশুপার্কের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান বলেন ‘ঈদের প্রথম দিন ৪০ হাজার শিশু-কিশোর এসেছিল পার্কে। দ্বিতীয় দিন ৫০ হাজার ছুঁয়ে যায়। তিন দিনে প্রায় দেড় লাখ শিশু-কিশোর এসেছিল, যা যেকোনো সময়ের তুলনায় বেশি।’

শাহবাগের কেন্দ্রীয় শিশুপার্কের মতো শ্যামলী এলাকার শিশুমেলা খ্যাত ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের চিত্রও ছিল একই রকম। এখানকার রাইডে উঠতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে শিশুদের। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নুরুল হুদা বলেন, প্রতিদিন গড়ে ৯ হাজার দর্শনার্থী এসেছে পার্কে।

লালবাগ কেল্লা, জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল: ঈদের পরদিন থেকে খোলা ছিল এই তিন প্রতিষ্ঠান। দর্শনার্থীর সমাগম হয়েছে যথেষ্ট। লালবাগ কেল্লার দায়িত্বে থাকা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান হালিমা আফরোজ বলেন, ‘লালবাগ, চকবাজারসহ শহরের বিভিন্ন এলাকা থেকে দুই দিনে ২০ হাজারের বেশি দর্শনার্থী এসেছে। নিরাপত্তার স্বার্থে আমরা সন্ধ্যা ছয়টায় প্রবেশপথ বন্ধ করে দিই। না হলে সংখ্যাটা আরও বেশি হতো।’

ওয়ান্ডারল্যান্ড
ওয়ান্ডারল্যান্ড

ফ্যান্টাসি কিংডম: ঢাকার অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম গত তিন দিনই খোলা ছিল। কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড কেয়ার মাহফুজ রহমান প্রথম আলোকে বলেন, প্রতিদিনই পার্কে উপচে পড়া ভিড় ছিল। অন্য বছরের মতো ঈদের দিন থেকে পার্কের ওয়াটার রোলার কোস্টার, বাম্পার কার, ম্যাজিক কার্পেট, সান্তা মারিয়াসহ বিভিন্ন রাইডে ওঠার জন্য ছিল দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। পার্কের কনকর্ড, ওয়াটার কিংডম কনকর্ড, হেরিটেজ পার্ক কনকর্ডের নিয়মিত রাইডের সবগুলোতে দর্শনার্থীদের আগ্রহ ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান এবং অন্যান্য: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে ছিল তারুণ্যের উন্মাদনা। তরুণ-তরুণীরা গিটার হাতে নিয়ে গানবাজনা আর হইহুল্লোড়ে আনন্দময় সময় কাটিয়েছেন। সন্ধ্যার পর শাহবাগ প্রজন্ম চত্বরে বসে তরুণদের আড্ডা। কে কীভাবে ঈদ উদ্‌যাপন করলেন, তা নিয়েই খোশগল্পে মেতেছিলেন তাঁরা।

নান্দনিক স্থাপনা হাতিরঝিল প্রকল্প এলাকাও ছিল লোকারণ্য। ঈদের দিন দুপুরের পর থেকে প্রচণ্ড রোদ উপেক্ষা করে হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করার জন্য হাজারো মানুষের ঢল নামে। মধ্যরাত পর্যন্ত নানা শ্রেণি-পেশার মানুষ হাতিরঝিলে ঘুরে বেড়িয়েছেন। বাড়তি পাওনা ছিল মিউজিক্যাল ওয়াটার ড্যান্সিং। লাল-নীল-সবুজ রঙের আলোর খেলা।

সিনেমা হল: রাজধানীর সিনেমা হলগুলোতে নতুন চলচ্চিত্র দেখার জন্য দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। বিশেষ করে মধুমিতা, বলাকা, জোনাকী, স্টার সিনেপ্লেক্সে ভিড় ছিল প্রচুর। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ প্রথম আলোকে বলেন, ‘রাজধানীসহ সারা দেশে মুক্তি পাওয়া ঈদের ছবিগুলোর মধ্যে বস টু এবং নবাব দারুণ সাড়া জাগিয়েছে দর্শকের মধ্যে। আমার প্রতিষ্ঠান মধুমিতা মুভিজে প্রায় প্রতিটি প্রদর্শনীতে প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। শহরের অন্য হলগুলোরও একই অবস্থা ছিল বলে খবর পেয়েছি।’