শহরের ৮২ শতাংশ শিশু নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শহরাঞ্চলের ১ থেকে ১৪ বছর বয়সী ৮২ শতাংশের বেশি শিশু মানসিক অথবা শারীরিক নির্যাতনের শিকার হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

শহরের শিশুদের অবস্থা নিয়ে এই জরিপ চালানো হয়। শিশুদের স্বাস্থ্য, সামাজিকসহ নানা বিষয় জরিপে তুলে ধরা হয়েছে। জরিপে বাংলাদেশের সাতটি বিভাগীয় শহরের তথ্যও আলাদাভাবে তুলে ধরা হয়েছে। আজ রোববার বিবিসি বাংলা অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জরিপে দেখা যায়, শহরের ১৭ দশমিক ৬ শতাংশ শিশু মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার। এ ছাড়া শহরের ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের প্রায় ৩৩ শতাংশ বিবাহিত। বস্তিবাসী শিশুরা তুলনামূলক বেশি শারীরিক শাস্তির মুখোমুখি হলেও বস্তির বাইরের শিশুদের মধ্যেও এই সংখ্যা কম নয়। বস্তিবাসীদের মধ্যে প্রায় ৮৫ শতাংশ শিশু শাস্তির মুখোমুখি হয়।

জরিপ অনুযায়ী, শহরে ১ থেকে ৫ বছর বয়সী ২০ শতাংশের বেশি শিশুর ওজন ইউনিসেফ নির্ধারিত আন্তর্জাতিক মানের চেয়ে কম। ২৬ শতাংশের বেশি শিশুর উচ্চতা মানদণ্ডের তুলনায় কম। সিলেট শহরের শিশুদের মধ্যে কম ওজন এবং উচ্চতার হার সবচেয়ে বেশি দেখা গেছে। এখানকার ৩৫ শতাংশ শিশুর উচ্চতা এবং প্রায় ২৬ শতাংশ শিশুর ওজন মানদণ্ডের তুলনায় কম।
দেশের শহরাঞ্চলের ২০ হাজার বাড়িতে এই জরিপ চালানো হয়।