
চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হারে শহরের সঙ্গে ব্যবধান অনেকটাই ঘুচিয়েছে তিন পার্বত্য জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। জেলাগুলোতে গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত। এর ইতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে।

২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ। গতবার এ হার ছিল ৮২ দশমিক ৭৭ শতাংশ। মোট পাসের হার বেড়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত বছর বোর্ডে পাসের হারে শহরের সঙ্গে তিন পার্বত্য জেলার ব্যবধান ছিল ১০ থেকে ২০ শতাংশ। এবার এই ব্যবধান কমে দাঁড়িয়েছে ৬ থেকে ১২ শতাংশে। গতবার চট্টগ্রাম মহানগরে পাসের হার ছিল ৮৯ দশমিক ৮১ শতাংশ, পার্বত্য জেলায় ছিল ৭০ থেকে ৬৩ শতাংশ। এবার মহানগরে পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ। পার্বত্য জেলায় ৮৪ থেকে ৬৮ শতাংশ। পাসের হারে ব্যবধান কমায় স্বস্তির নিশ্বাস ফেলছেন বোর্ডের কর্মকর্তারা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, অন্যান্যবার তিন পার্বত্য জেলার ফল ভালো ছিল না। এবার এই চিত্রের পরিবর্তন হয়েছে। তিন জেলাতেই পাসের হার বেড়েছে। ফলে বোর্ডের সামগ্রিক ফল ভালো হয়েছে।

গতকাল প্রকাশিত বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাঙামাটি জেলায় এবার পাসের হার ৮৪ শতাংশ। গতবার ছিল ৭০ দশমিক ৯৯ শতাংশ। এই জেলা থেকে অংশ নেওয়া ৭ হাজার ২৪৩ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন।

বান্দরবান জেলা থেকে এবার ২ হাজার ৫৫৭ পরীক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ১১৩ জন। পাসের হার ৮২ দশমিক ৬৪ শতাংশ, যা গতবার ছিল ৬৩ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৩ শিক্ষার্থী।

এ ছাড়া খাগড়াছড়ি জেলা থেকে অংশ নেওয়া ৮ হাজার ৪৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৩৩৩ জন। পাসের হার ৭৮ দশমিক ৭৪ শতাংশ। গতবার এই জেলায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৭২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭০ শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, গত বছর ফল খারাপ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটিকে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

বিশেষ করে গণিতের প্রতি জোর দিতে বলা হয়েছিল। তাঁরা যে নির্দেশনা মেনে চলেছেন, তার প্রমাণ এবারের ইতিবাচক ফল। তিনি বলেন, আর্থসামাজিকভাবে তিন পার্বত্য জেলা পিছিয়ে আছে। এ ছাড়া জেলাগুলোতে যোগ্য ও দক্ষ শিক্ষকের সংকট রয়েছে। ফলে পাসের হারে বরাবরই পিছিয়ে থাকে তিন জেলা। এবার পাসের হার বাড়ায় সবার মধ্যে স্বস্তি এসেছে।

গতকাল দুপুরে বোর্ডের মিলনায়তনে ফল ঘোষণার সময় বোর্ড সচিব পীযূষ দত্ত সাংবাদিকদের বলেন, ‘এবারের ফল অনেক ভালো হয়েছে। বোর্ডের মোট পাসের হার যেমন বেড়েছে, তেমনি তিন পার্বত্য জেলার পাসের হারও বেড়েছে। সব মিলিয়ে এবারের ফলাফলে আমাদের অনেক সন্তুষ্টির জায়গা রয়েছে।’ বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম পাসের হার বৃদ্ধি প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাসের অনগ্রসর শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এর সুফল মিলেছে এবার।