শহিদ কবিরের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাস্তবধারার চিত্রকলার অন্যতম প্রধান শিল্পী শহিদ কবিরের চতুর্দশ একক শিল্পকর্ম প্রদর্শনী আজ বুধবার শুরু হলো ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। সন্ধ্যায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে ‘তোমার পরে ঠেকাই মাথা’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। শিল্পী শহিদ কবির তাঁর শিল্পভাবনা দর্শকদের কাছে তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। সভাপতিত্ব করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।

আলোচকেরা বলেন, ‘আমাদের দেশের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা দেশের সব রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে মহান ভূমিকা রেখে চলেছেন। শিল্পী শহিদ কবিরও ছাত্রজীবন থেকে শিল্পচর্চার পাশাপাশি প্রগতিশীল আন্দোলনে নানাভাবে ভূমিকা রেখেছেন। সমাজের প্রান্তিক মানুষের দুঃখ-দারিদ্র্যের নিপীড়ন, নানা অসংগতি তাঁকে ব্যথিত, ক্ষুব্ধ করে তোলে। সেই ক্ষোভ ও বেদনা এবং সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর মমত্ববোধ তিনি তাঁর কাজে তুলে ধরেছেন। ফলে আশপাশের চেনা দৃশ্য, ঘটনা তাঁর শিল্পকর্মে উঠে এসেছে। তাঁর জীবনাদর্শ প্রতিফলিত হয়েছে তাঁর কাজে।’

এই প্রদর্শনীতে মিশ্র মাধ্যম, জলরং ও ছাপচিত্রের কাজ আছে ৫৩টি। শিল্পী তাঁর এবারের প্রদর্শনীতে বৃক্ষনিধন, ভূ-প্রাকৃতিক দৃশ্য, প্রান্তিক মানুষের মুখাকৃতি—এসবকেই প্রাধান্য দিয়েছেন। ছবির উপরিতল সৃষ্টিতে রুক্ষতা ও রঙের ব্যবহারে নতুন মাত্রার সঞ্চার করেছেন তিনি এই সাম্প্রতিক কাজগুলোতে। প্রদর্শনী চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

শিল্পী শহিদ কবিরের জন্ম ১৯৪৯ সালে। তিনি ১৯৬৯ সালে তত্কালীন গভর্নমেন্ট কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি নেন। এরপর তিনি এই প্রতিষ্ঠানেই শিক্ষকতায় যোগ দেন। সত্তরের দশকে তিনি লালন সাঁইয়ের মরমি চেতনায় অনুপ্রাণিত হয়ে লালন সাঁইকে নিয়ে একটি ধারাবাহিক কাজ করে আলোচিত হন। পরে ১৯৮০ সালে স্বাধীনভাবে শিল্পচর্চার জন্য স্পেন যান। দীর্ঘ প্রায় দুই দশক স্পেনে বসবাসে তাঁর কাজে নতুনতর মাত্রা যুক্ত হয়। এখন তিনি দেশেই স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন।