শহিদুল আলম অসুস্থ, চিকিৎসা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রী শহিদুল আলম। ফাইল ছবি
আলোকচিত্রী শহিদুল আলম। ফাইল ছবি

কারাগারে বন্দী আলোকচিত্রী শহিদুল আলম অসুস্থ এবং তাঁর চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ও এক সহকর্মী। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এই আলোকচিত্রীকে হাসপাতালে পাঠানোর দাবি জানান।


বিবৃতিতে বলা হয়, গতকাল ঈদুল আজহা উদ্‌যাপনের সময় কেরানীগঞ্জের কারাগারে শহিদুল আলমের সঙ্গে দেখা করতে যান তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ ও সহকর্মী সায়দিয়া গুলরুখ। এ সময় শহিদুল আলম তাঁদের জানান, তাঁর শ্বাসকষ্ট, চোয়াল ও মাড়িতে ব্যথা। তাঁর দৃষ্টিশক্তিতেও সমস্যা হচ্ছে। ৫ আগস্ট পুলিশ বাড়ি থেকে তুলে নেওয়ার আগ পর্যন্ত শহিদুল আলমের এ রকম স্বাস্থ্যজনিত সমস্যা ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সরকার এবং নির্দিষ্টভাবে কারা কর্তৃপক্ষের কাছে শহিদুল আলমকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে স্থানান্তরের দাবি জানানো হয় বিবৃতিতে।

৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে তুলে নেয় ডিবি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। শহিদুল আলমকে আটকের পর নির্যাতন ও রিমান্ডে পাঠানোর বৈধতা নিয়ে এবং চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানোর নির্দেশনা চেয়ে তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ ৭ আগস্ট একটি রিট করেন।

রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক আদেশে শহিদুল আলমের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠাতে নির্দেশ দেন।

৮ আগস্ট সকাল নয়টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয় শহিদুল আলমকে। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে আবারও গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা জানান, পরীক্ষার পর শহিদুল আলমের শারীরিক অবস্থা ভালো বলে হাসপাতালের মেডিকেল বোর্ড মত দেয়।