শহিদুল আলমকে চিকিৎসা দিতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহিদুল আলম। প্রথম আলো ফাইল ছবি
শহিদুল আলম। প্রথম আলো ফাইল ছবি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী শহিদুল আলমের স্বতন্ত্র মেডিকেল পরীক্ষা ও তাঁকে চিকিৎসাসেবা দেওয়ার আবেদন করা হয়েছে। কারা কর্তৃপক্ষ বরাবরে এ আবেদন করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার বরাবরে গতকাল শুক্রবার ই-মেইলে ওই আবেদন পাঠানো হয় বলে জানিয়েছেন শহিদুল আলমের আইনজীবী সারা হোসেন।

আজ শনিবার সারা হোসেন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে শহিদুল আলমের পরিবারের সদস্যরা কারাগারে তাঁর সঙ্গে গিয়ে দেখা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শহিদুল আলমের মুখে ব্যথা থাকায় তিনি ঠিকমতো খেতে পারছেন না, শ্বাসকষ্ট ও চোখের সমস্যায় ভুগছেন। এ অবস্থায় শহিদুল আলমকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ঈদের দিন (২২ আগস্ট) কারা কর্তৃপক্ষ বরাবরে ই-মেইলে আবেদন পাঠানো হয়। সেদিন সন্ধ্যায় কারা হাসপাতালে তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এরপরও অবস্থার পরিবর্তন না হওয়ায় প্রথম দফায় নেওয়া পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে গতকাল কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার বরাবরে দ্বিতীয় দফায় ই-মেইলে আবেদন পাঠানো হয়। এতে শহিদুল আলমের স্বতন্ত্র স্বাস্থ্য পরীক্ষা ও তাঁকে চিকিৎসাসেবা দিতে আবেদন জানানো হয়েছে। কেননা হেফাজতে নেওয়ার আগে শহিদুল আলমের এসব সমস্যা ছিল না।

এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে শহিদুলের স্ত্রী রেহনুমা আহমেদ ও সহকর্মী সায়দিয়া গুলরুখ জরুরি ভিত্তিতে তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁরা বলেছেন, ঈদের দিন তাঁরা কেরানীগঞ্জের কারাগারে শহিদুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন শহিদুল তাঁদের বলেছেন তিনি শ্বাসকষ্ট, চোয়াল ও মাড়িতে ব্যথা ও চোখের সমস্যায় ভুগছেন। অথচ পুলিশ বাড়ি থেকে তুলে নেওয়ার আগে তাঁর এ রকম স্বাস্থ্য সমস্যা ছিল না।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে তুলে নেয় ডিবি। তবে শহিদুল আলমকে আটকের পর নির্যাতন ও রিমান্ডে পাঠানোর বৈধতা নিয়ে এবং চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানোর নির্দেশনা চেয়ে তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ ৭ আগস্ট রিট করেন, যার ওপর শুনানি নিয়ে সেদিন হাইকোর্ট আদেশ দেন।

হাইকোর্ট আদেশে শহিদুল আলমের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠাতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তাঁর স্বাস্থ্যের বিষয়ে ৯ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল নির্দেশ দেন হাইকোর্ট। পরদিন ৮ আগস্ট শহিদুলকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে আবারও গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শহিদুলের শারীরিক অবস্থা ভালো বলে হাসপাতালের মেডিকেল বোর্ড মত দিয়েছে। আর সাত দিনের রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।