শহিদুলের মুক্তির চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল

আলোকচিত্রী শহিদুল আলমসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী কারাবন্দী শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। জাতীয় প্রেসক্লাবের কাছে পুলিশ মিছিলটি আটকে দিলে সেখানের সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জড়ো হয় বাংলাদেশের ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। সেখানে সমাবেশ শেষে টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট ও পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের পাশের সড়ক দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে আগে থেকেই পুলিশের অবস্থান নিয়েছিল।
মিছিল নিয়ে এগোতে না পেরে প্রেসক্লাবের পাশেই সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সেখানে সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘শহিদুল আলম গণতন্ত্রের পক্ষে ও মানুষের পক্ষে ছবি তুলেছেন, কথা বলেছেন, রাস্তায় বেরিয়েছেন।’ সরকারের উদ্দেশ্য করে বলেন, তারা এ রকম আরেকজন শহিদুল আলম তৈরি করতে পারবে না। তিনি আরও বলেন, এখন এক ব্যক্তির নির্দেশে দেশ চলছে। সড়কে নৈরাজ্যের পাশাপাশি রাষ্ট্রেও নৈরাজ্য চলছে।

ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন, যারা আটক রয়েছেন, তারা কেউ নিজ স্বার্থের জন্য গ্রেপ্তার হননি। দেশকে নিরাপদ দেখার আন্দোলন করতে গিয়ে আটক হয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত সকল বন্দীদের মুক্তি দাবি করেন তিনি।
আগামী ১৭ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শুভ দেব, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।