'গুনে গুনে ঘুষ নেওয়া' শহিদুলের সম্পদের খোঁজে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের ঢাকা শাখার নিয়ন্ত্রক ‘গুনে গুনে ঘুষ নেওয়া’ শহিদুল হকের সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক‍)। ইতিমধ্যে এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে কমিশন।
আজ সোমবার দুদকের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। অনুসন্ধানের অংশ হিসেবে শহিদুল হকের ব্যাংক হিসাবসহ সম্পদের তথ্য সংগ্রহ করবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়ে এসব তথ্য নেওয়া হবে। পরবর্তী সময়ে শহিদুল হককে দুদকে তলব করা হবে বলে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় (সিসিআইই), ঢাকার সাবেক নিয়ন্ত্রক মো. শহিদুল হক। ‘গুনে গুনে ঘুষ খান তিনি’ শীর্ষক একটি প্রতিবেদন ৯ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হওয়ার পর ১১ অক্টোবর শহিদুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করে মন্ত্রণালয়। তদন্ত কমিটি শহিদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখান থেকে অনুমোদন দিয়ে তা পাঠায় রাষ্ট্রপতির কার্যালয়ে। গত ১৯ অক্টোবর রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
প্রথম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে বরখাস্ত, অপসারণ বা বিভাগীয় মামলা করতে হলে রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে।
পরে ২১ অক্টোবর শহিদুল হককে ১০ দিনের সময় দিয়ে ‘কারণ দর্শাও’ নোটিশ পাঠায় মন্ত্রণালয়। জবাব পাওয়ার পর তাঁর জবানবন্দিও নেওয়া হয়। জবানবন্দি কমিটির কাছে সন্তোষজনক হয়েছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। জবাব সন্তোষজনক না হলে তদন্ত কমিটি সরকারি কর্মকমিশনে (পিএসসি) প্রতিবেদন পাঠাবে। চূড়ান্তভাবে বরখাস্ত করার আগে পিএসসি আবার তা পাঠাবে রাষ্ট্রপতির কার্যালয়ে।
শহিদুল হক ১৯৮৫ সালে বিসিএস বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেন। সিসিআইইর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডের কারণে চাকরিজীবনে একাধিকবার তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজড) হন শহিদুল হক।

আরও পড়ুন: