তিন.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিক ১৯৭১ সালে মো. আবদুল্লাহিল বাকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থী ছিলেন। অসহযোগ আন্দোলন ও ২৫-২৬ মার্চের প্রতিরোধ যুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। অসহযোগ আন্দোলন চলাকালে বাকী ৮ মার্চ গভর্নর হাউসে (বর্তমানে বঙ্গভবন) বোমা নিক্ষেপ করে আলোড়ন সৃষ্টি করেন। ওই বোমা বিস্ফোরণে আশপাশ এলাকা প্রকম্পিত হয়ে পড়ে।বাকী ১৮ এপ্রিল মাকে একটি চিঠি লিখে ভারতে পাড়ি জমান। সেই চিঠিতে তিনি মাকে লেখেন, ‘...দেশের সংকটময় মূহূর্তে আমি ঘরে বসে থাকতে পারি না।...মা তুমি কেঁদো না। দেশের জন্য এটা খুব ন্যূনতম চেষ্টা।’ভারতে গিয়ে বাকী মেলাঘরে প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে মে মাসে কয়েক জনের সঙ্গে ঢাকায় ফিরে আসেন। তাঁরা মতিঝিলের চার স্থানে এক যোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আবার ভারতে চলে যান। এরপর তিনি ভারতের চাকুলিয়ায় উচ্চতর প্রশিক্ষণ নিতে যান। প্রশিক্ষণ গ্রহণ শেষে বাকী বাংলাদেশে এসে বৃহত্তর ঢাকায় গেরিলা যুদ্ধ শুরু করেন। বাকী ঢাকা জেলার বিভিন্ন স্থানে পাকিস্তান সেনাবাহিনী ও রাজাকার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। তিনি ইউনিট কমান্ডার ছিলেন।নভেম্বরের শেষ দিকে বাকী তাঁর মুক্তিযোদ্ধা দল নিয়ে ঢাকা শহরের উপকণ্ঠেই অবস্থান করছিলেন। ৪ ডিসেম্বর রাতে কয়েকজন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে তিনি খিলগাঁওয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করতে আসেন। মা-বাবার সঙ্গে দেখা করে ফেরার সময় তাঁরা পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী একদল মুজাহিদের সামনে পড়ে যান। পাকিস্তানি সেনা ও মুজাহিদরা তাঁদের গুলি করে। বাকী ও তাঁর সহযোদ্ধারা পাল্টা আক্রমণের চেষ্টা করেও ব্যর্থ হন। বাকী ও তাঁর সহকারী বাবুল গুলিবিদ্ধ হয়ে মারা যান।মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তাঁকে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বীর প্রতীক খেতাব দেওয়া হয়।আবদুল্লাহিল বাকী অবিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম মো. আবদুল বারী। মা আমেনা খাতুন। ঠিকানা ২০৩/সি খিলগাঁও, ঢাকা। আব্দুল্লাহিল বাকীরা তিন ভাই ও তিন বোন। গ্রন্থনা: তারা রহমান