শহীদ অনুদ্বৈপায়ন স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের স্মরণে হবিগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন তাঁর বোন প্রীতিলতা ভট্টাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ১৯৪৫ সালের ৩১ জানুয়ারি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জন্তরী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি জগন্নাথ হলের আবাসিক শিক্ষক ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে জগন্নাথ হলে পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ চালায়, তাতে তিনিও শহীদ হন। গত ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যায় অনির্বাণ নক্ষত্র শিরোনামে হবিগঞ্জের লেখিকা রুমা মোদকের একটি প্রতিবেদন ছাপা হয়। এর সূত্র ধরে হবিগঞ্জের সংরক্ষিত নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন। এ জন্য তিনি ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
শহীদ অনুদ্বৈপায়নের বাড়ির প্রবেশমুখে নিজস্ব জমিতে নির্মাণ করা হচ্ছে ১০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এই স্মৃতিস্তম্ভ। এতে তাঁর একটি ম্যুরাল ও জীবনবৃত্তান্ত থাকবে। গতকাল প্রীতিলতা ভট্টাচার্য গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমরু মিয়া, স্থানীয় করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইদুর রহমান প্রমুখ।
জানতে চাইলে সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, নতুন প্রজন্মের কাছে শহীদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্যকে পরিচিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।