শহীদ অনুদ্বৈপায়ন স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু
একাত্তরে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের স্মরণে হবিগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন তাঁর বোন প্রীতিলতা ভট্টাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ১৯৪৫ সালের ৩১ জানুয়ারি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জন্তরী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি জগন্নাথ হলের আবাসিক শিক্ষক ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে জগন্নাথ হলে পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ চালায়, তাতে তিনিও শহীদ হন। গত ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যায় অনির্বাণ নক্ষত্র শিরোনামে হবিগঞ্জের লেখিকা রুমা মোদকের একটি প্রতিবেদন ছাপা হয়। এর সূত্র ধরে হবিগঞ্জের সংরক্ষিত নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন।