শহীদ আবদুর রবকে স্মরণ করল চবি সাংবাদিক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) প্রথম জি এস শহীদ আবদুর রবের চিন্তাচেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। গতকাল বুধবার দুপুরে শহীদ আবদুর রবের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। তিনি বলেন, ‘বীর শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। বীর শহীদদের মধ্যে অন্যতম শহীদ আবদুর রব। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে পাকিস্তানের শোষণের হাত থেকে মুক্ত হয়েছি আমরা। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মুক্তবুদ্ধির চর্চা নিশ্চিত করার লক্ষ্যে।’
সহ-উপাচার্য শিরীন আখতার বলেন, ছাত্রনেতারা যুগে যুগে মানবতা ও মানুষের জন্য কাজ করেছেন। তাঁর বর্ণাঢ্য জীবনে তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী। তিনি আক্ষেপ করে বলেন, ‘চাকসু শহীদ আবদুর রবের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। তাঁর নামে হল তৈরি করতে প্রশাসনকে তৎকালীন প্রশাসনকে ১১ দফা দাবি দিয়েছিলাম। অনেক আন্দোলনের পর তাঁর নামে হল করা হয়।’ তিনি অবিলম্বে চাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাকসুর সাবেক জি এস আজিম উদ্দিন আহমেদ, শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক এ কে এম মাইনুল হক, শহীদ আবদুর রবের বোন শাহনাজ পারভীন প্রমুখ।