শহীদ আলতাফ মাহমুদ পদক পেলেন দুই গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর শহীদ আলতাফ মাহমুদ পদক পেলেন নাট্যজন আলী যাকের ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গত বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’ ২০০৫ সাল থেকে প্রতিবছরই এ পদক দিয়ে থাকে।

সম্মাননা পেয়ে আলী যাকের বলেন, ‘এমন একটি মানুষের নামে এ পদকটি, যাঁর প্রতিকৃতির প্রতি অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছি। এমন নির্মোহ, এমন আপসহীন, এমন সাহসী এবং এমন সৃজনশীল একজন ব্যক্তি বাংলাদেশে বোধ হয় কম জন্মেছেন।’

অনুভূতি জানিয়ে মফিদুল হক বলেন, ‘আজকে আমার জন্য একটা অসাধারণ মুহূর্ত রচিত হলো। নেপথ্য কর্মী হিসেবেই আমার জীবনটা চালানোর চেষ্টা করেছি। কিন্তু জীবন নানাভাবে, নানা সম্পদে আমাকে সমৃদ্ধ করেছে। আজকে আলতাফ মাহমুদ স্মৃতি পদক পাওয়া তারই একটা চরম পরাকাষ্ঠা।’

আলী যাকেরকে নিয়ে প্রশংসাভাষ্য পাঠ করেন নাসরিন নাহার। উত্তরীয় পরিয়ে দেন শহীদজায়া সারা আরা মাহমুদ। ফুলেল শুভেচ্ছা জানান শিমূল ইউসুফ, সম্মানী তুলে দেন নাসির উদ্দীন ইউসুফ। লেখক, প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের প্রশংসাভাষ্য পাঠ করেন সংগীতা ইমাম। উত্তরীয় পরিয়ে দেন সারা আরা মাহমুদ এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অভ্যাগত চারজন মুক্তিযোদ্ধা।