শহীদ আসাদ দিবস আজ
আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান।
আসাদ শহীদ হওয়ার পর তিন দিনের শোক পালন শেষে ২৪ জানুয়ারি আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে সর্বস্তরের জনতা সারা বাংলার রাজপথে নেমে আসে। সংগঠিত হয় উনসত্তরের গণ-অভ্যুত্থান। আইয়ুব খানের পতন ঘটে। আরেক পাকিস্তানি স্বৈরশাসক ক্ষমতায় বসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। সত্তরের এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু ইয়াহিয়া ক্ষমতা না ছাড়ার জন্য নানা টালবাহানা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়।
শহীদ আসাদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে এনডিএফ আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে। ন্যাপা ভাসানী সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। জাতীয় গণতান্ত্রিক মঞ্চ, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করবে।