শহীদ আসাদ দিবস আজ
আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের এই দিনে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন ছাত্রনেতা আসাদুজ্জামান। তাঁর মৃত্যুতে আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন শহীদ আসাদ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে ১৯৬৯ সালের জানুয়ারিতে গড়ে তোলা হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরিষদ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশের ডাক দেয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। এর পর থেকে দিনটিকে আসাদ দিবস হিসেবে পালন করা হয়।আসাদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বাণী দিয়েছেন।কর্মসূচি: আসাদ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ঊনসত্তরের স্মারকসৌধে গণসমাবেশ ও শপথ পাঠ এবং শিবপুর কলেজ গেটে আলোচনা সভার আয়োজন করেছে শহীদ আসাদ পরিষদ। ২০ থেকে ২৪ জানুয়ারি আলোচনা, সংগীত, নাটক, আবৃত্তি ও বইমেলার আয়োজন করেছে গণসংস্কৃতি ফ্রন্ট। এ ছাড়া যুব মৈত্রী, ন্যাশনাল সিকিউরিটি পার্টিসহ বিভিন্ন সংগঠন আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। গতকাল বুধবার আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী ছাত্র ইউনিয়ন।