শহীদ আসাদ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ আসাদ দিবস আজ। ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান ১৯৬৯ সালের এই দিনে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচির আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। এই আন্দোলন পরে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। সারা দেশে গণজাগরণ সৃষ্টি হয়। সচিবালয়, দৈনিক পাকিস্তান পত্রিকাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগুন লাগায় বিক্ষুব্ধ জনতা। আসাদের মৃত্যুর পর ঢাকায় আইয়ুব গেট ও এভিনিউর নাম পরিবর্তন করে আসাদগেট ও আসাদ এভিনিউ রাখে এ দেশের বিপ্লবী জনতা।দিবসটি উপলক্ষে আসাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।আসাদ দিবস ও গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি নিয়েছে শহীদ আসাদ পরিষদ। এর মধ্যে রয়েছে: আজ সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটসংলগ্ন আসাদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় শিবপুরের ধানুয়ায় আসাদের কবরে শ্রদ্ধাঞ্জলি, বেলা তিনটায় শিবপুর কলেজগেটে আলোচনা সভা, ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবসে সকাল সাড়ে আটটায় বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটে শহীদ মতিউর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও শপথবাক্য পাঠ এবং বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা।