শহীদ আসাদ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আসাদ
শহীদ আসাদ

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার পালিত হয়েছে শহীদ আসাদ দিবস। এ উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন রাজধানীর শহীদ আসাদ স্মৃতিস্তম্ভ ও নরসিংদীর শিবপুরে শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়া আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন ছিল দিনভর। সকালে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ আসাদ পরিষদ, গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাসদসহ বিভিন্ন সংগঠন ও শহীদ আসাদের পরিবার। শ্রদ্ধাঞ্জলির পর সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আসাদের স্বপ্ন শোষণমুক্ত স্বাধীন বাংলা আজও প্রতিষ্ঠিত হয়নি।
শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলনের সভাপতিত্বে সভায় আবদুস সাত্তার, সাইফুল হক, জুনায়েদ সাকি, হামিদুল হক প্রমুখ বক্তব্য দেন।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে গণসংস্কৃতি ফ্রন্ট ‘সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ ও শোষক শ্রেণীর বিরুদ্ধে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য’ শীর্ষক আলোচনা, কবিতা পাঠ, গণসংগীত ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করে।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালন করে।