শহীদ আসাদ দিবস পালিত

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিবেদিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনে গতকাল বুধবার শহীদ আসাদ দিবস পালিত হয়েছে।
ওয়ার্কার্স পার্টির উদ্যোগে গতকাল সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শহীদ আসাদের স্মৃতিবেদিতে পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় দলীয় নেতাদের মধ্যে সেখানে ছিলেন আনিসুর রহমান মল্লিক, আমিরুল হক আমিন প্রমুখ।
সাম্যবাদী দল (এমএল) ঢাকা মহানগর শাখার আয়োজনে এক আলোচনা সভায় দলীয় প্রধান দিলীপ বড়ুয়া বলেন, শহীদ আসাদের আত্মদানের জন্য গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক আইউব-মোনেমের পতন ঘটেছিল। কিন্তু তাঁর আদর্শের ভিত্তিতে বাংলাদেশে এখনো কোনো সরকার প্রতিষ্ঠিত হয়নি।
এ ছাড়া নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ন্যাপ ভাসানীর আয়োজনে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন শেখ শওকত হোসেন নিলু, আলমগীর মজুমদার, পারভীন নাসের খান ভাসানী প্রমুখ।
১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্রসমাজের ১১ দফা দাবির ভিত্তিতে সংগঠিত মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন আসাদুজ্জামান আসাদ।