শহীদ উদ্দীন চৌধুরীর জামিন
মানহানির একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের ৭ নম্বর বিচারিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক গোলাম সরোয়ার আবেদন মঞ্জুর করেন।
গতকাল মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মামলার বাদী ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বিদেশে থাকায় তাঁর আইনজীবী জাহিদ ব্যাপারী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৩১ ডিসেম্বর অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী তাঁর বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফকে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেন। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম ওই বছরের ১৮ মার্চ শহীদ উদ্দীনকে আসামি করে ফৌজদারি আইনে একটি মানহানির মামলা করেন। মন্ত্রী নিজেও ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে দেওয়ানি আইনে আরেকটি মামলা করেন। ফরিদপুরের যুগ্ম জেলা জজ-১-এর আদালতে মামলাটি বিচারাধীন।