বিএনপির সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। তিনি গতকাল সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে এ আহ্বান জানান।গত রোববার বিএনপি আহূত হরতাল চলাকালে রাজধানীর শাহবাগে হরতালবিরোধীদের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষের সময় শহীদ উদ্দীন চৌধুরী আহত ও পরে গ্রেপ্তার হন। তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্র জানায়, স্পিকার টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, প্রয়োজন হলে শহীদ উদ্দীন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। কারণ সবার আগে গুরুত্ব দিতে হবে চিকিৎসাকে। পরে আইনে যেটাই হোক তাই হবে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিকিৎসকেরা বললে অবশ্যই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।স্পিকার এ বিষয়ে পরে সাংবাদিকদের বলেন, ‘একজন সাংসদের চিকিৎসার প্রয়োজনীয়তার কথা শুনেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। আইন নিজের পথে চলবে। তবে সবার আগে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি।’এর আগে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদীয় দলের একটি প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে এ ব্যাপারে তাঁর হস্তক্ষেপ কামনা করেন। উন্নত চিকিৎসার জন্য শহীদ উদ্দীন চৌধুরীকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।