শহীদ কাদরী বেঁচে থাকবেন তাঁর লেখনীর মধ্যে

কবি শহীদ কাদরী তাঁর লেখনীর মধ্য দিয়েই সবার মাঝে বেঁচে থাকবেন। বাংলা কবিতায় তিনি যে নতুন ধারা প্রচলন করেছিলেন, তা পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানালেন বিশিষ্টজনেরা।
আজ বুধবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নাগরিক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের যৌথ আয়োজনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কবি ও অনুবাদক কায়সার হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি কাজী রোজি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক ও কবির স্ত্রী নীরা কাদরী।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘শহীদ কাদরী নেই কিন্তু তিনি আছেন তাঁর লেখার মধ্য দিয়ে। তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। বাংলা কবিতায় তিনি যে ঝড় তুলেছিলেন, তা আমাদের মনে রাখতে হবে।’
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘তিনি দেশে না থাকলেও সব সময় দেশের কথা মনে রেখেছেন। দেশ নিয়ে ভেবেছেন। বাংলা কবিতার এক নিপুণ স্রষ্টা তিনি। শহীদ কাদরী বাংলা কবিতায় এনেছিলেন এক স্বকীয় বৈশিষ্ট্যময় ধরন ও ভঙ্গি।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘বাংলা কবিতায় যে কতভাবে জীবনকে দেখা যায়, তা তিনি তুলে ধরেছিলেন। গভীর জীবনসাধনা ও মানুষের প্রতি ভালোবাসা তাঁর কবিতার পরতে পরতে বিধৃত হয়েছে।’
কবি মুহম্মদ সামাদ বলেন, ‘বাংলা কবিতায় তিনি এক অনুকরণীয় রীতি সংযোজন করেছিলেন, যা পরবর্তী প্রজন্ম অনুসরণ করেছেন।’
শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। পরে ‘অভিবাদন শহীদ কাদরী’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।