শহীদ কাদরীর মরদেহ বহনের খরচ মেটাল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর পত্নীর হাতে অর্থ তুলে দিলেন বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। ছবি: প্রথম আলো
নিউইয়র্কে শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর পত্নীর হাতে অর্থ তুলে দিলেন বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। ছবি: প্রথম আলো

গত বছর আগস্ট মাসে নিউইয়র্কে শেষনিশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি শহীদ কাদরী। সে সময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছিলেন কবির দাফন-কাফনসহ তাঁর মরদেহ বাংলাদেশে বহনের সব খরচ বাংলাদেশ সরকার বহন করবে। শনিবার নিউইয়র্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিশ্রুত সেই অর্থ কবি-পত্নীর হাতে তুলে দিলেন বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।

এক সংক্ষিপ্ত বক্তব্যে শামীম আহসান বলেন, প্রয়াত কবির প্রতি গভীর সম্মান প্রদর্শনের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির মরদেহ নির্বিঘ্নে ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের ভিত্তিতে নিউইয়র্কে কবির জানাজা, বিমানে তাঁর মরদেহ প্রেরণ ও কবি-পত্নীসহ মোট তিনজনের বিমানে ঢাকা গমনের ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করেছে। সেই খরচ বাবদ কবি-পত্নীর হাতে চেক তুলে দিতে পেরে তিনি আনন্দিত।
এই অনুষ্ঠানে কনসাল জেনারেল ছাড়াও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান মাহবুব সালেহ এবং প্রবাসের তথ্যমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।