শহীদ কাদরীর শেষ অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি বদলে যায়
মানুষের দৃষ্টি ধীরে ধীরে বদলাতে থাকে
ক্রমশ বদলে যায়,
কম বয়সের দৃষ্টি, মধ্য বয়সের দৃষ্টি
পরিণত বয়সে অন্য রকম হয়ে যায়,
বুড়ো বয়সের দৃষ্টি ছিল বাহাদুর শাহ জাফরের
ছিল রবীন্দ্রনাথের;
রুচি, পাঠাভ্যাস সবই বদলে যায়।
সুলিখিত প্রবন্ধই এখন সুখপাঠ্য,
কবিতায় আর হয় না এন্টারটেইনমেন্ট
একটা সময় ছিল, কান্ট গিলতে শুরু করি, এথিক্যাল সোশ্যালিজম
বোঝার-শেখার কী আকুতি, মুখ গুঁজে পড়ে থাকি লাইব্রেরির রো’তে
নাওয়া-খাওয়া সবই অগুরুত্বপূর্ণ
দান্তের দর্শনে কি কাটিনি সাঁতার?
মদ-সিগারেটেও কৈশোরক নেশা ছিল, ছিল আড্ডাবাজি, চায়ের টেবিলে
একদিন শামসুর রাহমান বলেন, ‘উঠে আসুন, না হলে কবিতা চলে যাবে।’
তবু উঠে আসিনি। আড্ডায় আড্ডায় সম্পূর্ণ করেছি কৈশোর।

দৃষ্টি বদলে যায় জহির, বুঝলে কবি;
করো, মন যা চায় তোমার, লেখো যা লিখতে ইচ্ছে করে,
মনের আনন্দের জন্যে করে যাও...
যদি রেখে যেতে চাও দাগ, খোঁজো ভার্জিন পথ
যে পথে এখনো পড়েনি পা কোনো কবির;
বুঝলে, দৃষ্টি বদলে যায়, গেছে।

অসুস্থ হয়ে ২২ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহীদ কাদরী। এর এক দিন পর আরেক প্রবাসী কবি কাজী জহিরুল ইসলাম হাসপাতালে শহীদ কাদরীকে দেখতে গেলে তিনি তাঁকে বলেছিলেন অনেক কথা। তার কিছু অংশ কাব্য আকারে অনুলিখন করেছেন কাজী জহিরুল ইসলাম।