শহীদ কাদরীর শেষবেলার কবিতা

শহীদ কাদরী বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি। লিখেছেন কম, কিন্তু খ্যাতি পেয়েছেন অনেক। জীবনযাপন ও কবিতাকে তিনি এ সূত্রে গ্রথিত করেছিলেন। মানুষ হিসেবে এবং কবিতায় তিনি ছিলেন চৌকস কিন্তু বাউন্ডুলে, বুদ্ধিদীপ্ত কিন্তু খামখেয়ালি। তাঁর কবিতাপাঠ এক অনন্য অভিজ্ঞতা।
প্রবাসজীবনে যাওয়ার আগে কবির তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছিল ‘উত্তরাধিকার’ (১৯৬৭), ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ (১৯৭৪) এবং ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ (১৯৭৮)। দেশ ছেড়ে যাওয়ার অনেক দিন পর ২০০৯ সালে বেরোয় তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’।এরপর তাঁর লেখালেখিতে ছেদ পড়ে। মৃত্যুর কয়েক বছর আগে অনিয়মিতভাবে কবিতা লিখতে থাকেন তিনি। মৃত্যুবরণ করেন ২০১৬ সালের ২৮ আগস্ট। এর এক বছর পর প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হলো মৃত্যুর আগে লেখা তাঁর কবিতাগুলোর সংকলন ‘গোধূলির গান’।বইয়ের ভূমিকা লিখেছেন কবি সাজ্জাদ শরিফ। তিনি জানিয়েছেন, ‘এ বইয়ের মূল পাণ্ডুলিপিটি পাঠিয়েছিলেন কবিপত্নী নীরা কাদরী। কবির অপ্রকাশিত অনেকগুলো কবিতাও সে পাণ্ডুলিপিতে ছিল। আরও ছিল নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অগ্রন্থিত কিছু কবিতা। ’
দেশে দেশে যুদ্ধ, খুন, হঠকারিতায় কবি ছিলেন উৎকণ্ঠিত। চতুর্দিকে দেখতে পাচ্ছিলেন ভাঙন। লিখেছেন, ‘আমি আর কোনো ভাঙনের শব্দ শুনতে চাই না/ আমাকে তোমার/ সজল চোখের পল্লবের ছায়ার নিচে/ একটু দাঁড়াতে দাও।/ আমাকে নিস্তার দাও ভাঙনের শব্দ থেকে।’
গোধূলির গান পাওয়া যাবে প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে।