শহীদ কানু মিয়ার কবর ভেঙে সড়ক নির্মাণের চেষ্টা
১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ কানু মিয়ার কবর ভেঙে পারিবারিক সড়ক নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। কবর ভাঙার প্রতিবাদে গতকাল সোমবার কবরের পাশে মানববন্ধন করেছে শহীদের পরিবার ও এলাকাবাসী।এলাকাবাসী জানান, মৃত্যুর পর কানু মিয়াকে গাজীপুরের টান কড্ডার কাঁঠালিয়াপাড়া এলাকায় পারিবারিক জমিতে কবর দেওয়া হয়। পরে স্থানীয় প্রশাসন কাঁঠালিয়াপাড়া সড়কটির নাম রাখে শহীদ বীর কানু মিয়া সড়ক। কিন্তু স্থানীয় প্রভাবশালী আবদুল মান্নান, আবদুল বারেক মিয়া, তাঁদের ছেলে আবুল হোসেন, বাবুল হোসেন, আকতার হোসেনসহ অন্যরা বিভিন্ন সময় কানু মিয়ার কিছু জমি কৌশলে কিনে নেন। বাকি জমি দখল করেন। অসহায় কানু মিয়ার পরিবারের সদস্যরা সদর উপজেলার নাওজোড় এলাকায় বসবাস শুরু করেন।কিন্তু গত রোববার রাতে মান্নান ও বারেক মিয়ার ছেলেরা কানু মিয়ার কবরের দেয়াল ভেঙে সড়ক নির্মাণের চেষ্টা করেন। কবরের পাশে থাকা বড় একটি তালগাছও কেটে ফেলেন। প্রতিবেশীরা বিষয়টি কানু মিয়ার ছেলেমেয়েদের জানান। সন্তানেরা রাত সাড়ে ১২টার দিকে পুলিশ নিয়ে এসে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন।কবর ভাঙার প্রতিবাদে গতকাল শহীদ কানু মিয়ার স্বজন ও এলাকাবাসী কবরের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।কানু মিয়ার দুই মেয়ে আয়েশা খাতুন ও রহিমা খাতুন কবরের পাশে এসে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা বলেন, তাঁদের জমি-বাড়ি দখল করা হয়েছে। দখলকারীরা এখন শহীদ বাবার কবরও ভেঙে ফেলছেন।কানু মিয়ার বড় ছেলে আবদুল লতিফ অভিযোগ করেন, এলাকার চিহ্নিত রাজাকার আবদুল মান্নান ও তাঁর সহযোগীরা শহীদ কানু মিয়ার কবর ধ্বংস করছেন। এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার চান তিনি।একজন শহীদ মুক্তিযোদ্ধার কবর ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন সদরের সাবেক বাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার।আবদুল বারেক মিয়া বলেন, তাঁর ছেলে ও এক ভাতিজা কবরটি ভেঙেছেন। তবে কাজটি খুব খারাপ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শহীদ মুক্তিযোদ্ধার কবর ভাঙার ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।