শহীদ কানু মিয়ার কবর মেরামত
গাজীপুর সদর উপজেলার টান কড্ডা কাঁঠালিয়াপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা কানু মিয়ার কবর গতকাল মঙ্গলবার মেরামত করেছে প্রশাসন।কবর ভাঙার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেছেন কানু মিয়ার নাতি মো. শাহ আলম। আসামিরা হলেন টান কড্ডা কাঁঠালিয়াপাড়া এলাকার আবদুল মান্নান, তাঁর ছেলে আবুল হোসেন, বাবুল হোসেন ও বেলাল হোসেন, আবদুল বারেক মিয়া ও তাঁর ছেলে শরিফুল হোসেন। পুলিশ জানায়, কানু মিয়া ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধে শহীদ হন। আসামিরা গত রোববার রাতে তাঁর কবর ভেঙে সড়ক নির্মাণের চেষ্টা করেন। খবর পেয়ে রাতেই কবর ভাঙার কাজ বন্ধ করা হয়। কবর ভাঙার প্রতিবাদে পরদিন সোমবার কানু মিয়ার স্বজন ও এলাকাবাসী কবরের পাশে মানববন্ধন করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা।শহীদ কানু মিয়ার নাতি মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, কবরস্থানের জন্য কাঁঠালিয়াপাড়ায় ১ শতাংশ জমি বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু আসামিরা তা দখলের জন্য একজন শহীদ মুক্তিযোদ্ধার কবরও ভেঙে ফেলেন। ওই ১ শতাংশ জমি উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা চান তিনি। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে কবরটি মেরামত করা হয়েছে। কবরটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, সোমবার রাতে আসামিদের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ঘটনার পর থেকে তাঁরা পলাতক। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে।