শহীদ জননী জাহানারা ইমামের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৬ জুন শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ষোড়শ মৃত্যুবার্ষিকী। একাত্তরের রাজাকার, আলবদর, আলশামসের সদস্যদের বিচারের জন্য আমৃত্যু চেষ্টা চালিয়ে যাওয়া জাহানারা ইমাম ১৯৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও প্রেরণার পুনর্জাগরণ এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জনমত গঠনে শহীদ জননী জাহানারা ইমামের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ১৯৯২ সালে তাঁর নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল আন্দোলন দেশে মুক্তিযুদ্ধের চেতনার পুনরুত্থান ঘটায়।’ একাত্তরের ঘাতক-দালাল যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করার মাধ্যমেই জাহানারা ইমামের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জাহানারা ইমাম স্মরণে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আজ সকাল আটটায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে। একই সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জাহানারা ইমামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে। বিকেল চারটায় পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করেছে বাসদ।