শহীদজননীর চেতনা ধারণ করে আজও লড়াই চলছে
‘আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি’ গ্রন্থের আলোচনা সভায় বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারেননি শহীদজননী জাহানারা ইমাম। বৈরী সময় মোকাবিলা করে মানবতাবিরোধীদের বিচারের দাবিতে তিনি জাগরণ সৃষ্টি করে গেছেন। মহীয়সী জননী জাহানারা ইমামের চেতনা ধারণ করে জাগ্রত জনতা আজও লড়াই অব্যাহত রেখেছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত শনিবার অনুষ্ঠিত এই আলোচনা সভার আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপটার। ফাহিম রেজা নুরের সভাপতিত্বে এবং স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় গ্রন্থের লেখক প্রবাসী বিজ্ঞানী নুরুন্নবী পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এই গ্রন্থের ওপর আলোচনা করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস, সাংবাদিক কৌশিক আহমেদ। কৌশিক আহমেদ বলেন, শহীদজননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কখনো পিছপা হননি। হলে আজকের ইতিহাস ভিন্ন হতো। নুরুন্নবী তাঁর গ্রন্থে এ অজানা অধ্যায়টিই তুলে ধরেছেন।
বেলাল বেগ বলেন, গ্রন্থের লেখক কাছে থেকে দেখেছেন শহীদজননীকে। তাঁর সংকল্পের দৃঢ়তা, দেশপ্রেম দেখেছেন।
সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, লেখক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরেছেন বিশ্বস্ততার সঙ্গে।
হাসান ফেরদৌস বলেন, ভালো একটি বইয়ের শর্ত পূরণ করেছে ‘আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি’ বইটি। শহীদজননীর পূর্ণাঙ্গ জীবনলিপি না হলেও গ্রন্থটি পাঠের মধ্য দিয়ে তাঁকে নতুনভাবে জানার সুযোগ রয়েছে।
গ্রন্থের লেখক প্রবাসী বিজ্ঞানী নুরুন্নবী বলেন, রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে তিনি বইটি লিখেছেন।