শহীদ জননীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমৃত্যু চেষ্টা চালিয়ে যাওয়া জাহানারা ইমাম ১৯৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
জাহানারা ইমাম স্মরণে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ সকাল আটটায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে।
শহীদ জননীর মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
নির্মূল কমিটির অনুষ্ঠান: বিকেল চারটায় ধানমন্ডির ডব্লিউ ভি এ মিলনায়তনে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা, আলোচনা সভা এবং জাহানারা ইমাম স্মৃতি-পদক প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করেছে। জাহানারা ইমাম স্মারক বক্তৃতায় ‘পাকিস্তানের সাংবিধানিক সংকট ও বাংলাদেশে অভ্যুদয়’ শীর্ষক আলোচনা করবেন বিচারপতি এ বি এম খায়রুল হক। এ বছর জাহানারা ইমাম স্মৃতি-পদকের জন্য ব্যক্তি হিসেবে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও বিচারপতি এ বি এম খায়রুল হক পদক পাবেন এবং সংগঠন হিসেবে গণজাগরণ মঞ্চ পদক পাবে।
অন্যান্য অনুষ্ঠান: বিকেল পাঁচটায় মুক্তিযুদ্ধ জাদুঘর, নিজ প্রাঙ্গণে স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে।