শহীদ জেহাদ দিবস পালিত
স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল শনিবার শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
গতকাল সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদ স্কয়ারে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি, ছাত্রদল ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। জেহাদের বড় বোন চামেলি মাহমুদ ও বড় ভাই কে এম বশির উদ্দিন পরিষদের পক্ষে ফুল দেন। বিএনপির পক্ষে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপনসহ কেন্দ্রীয় নেতারা, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন জেহাদ। আজ সেই পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত। এটা গণতন্ত্র ও জাতির জন্য লজ্জার। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে এরশাদের অপসারণ দাবি করেন।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আলোচনার আয়োজন করে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বিএনপির সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।
শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমে পৃথক বাণী দেন।