যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহা দিবস পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।১৯৬৯ সালের এই দিনে গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে শিক্ষক শামসুজ্জোহা পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হন। প্রতিবছর এ দিনটি ‘মহান শিক্ষক দিবস’ হিসেবে পালন করা হয়।প্রতিবছরের মতো এবারও দিনটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসবের মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন, শহীদ জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, তাঁর ওপর করা চলচ্চিত্রের প্রদর্শনী, প্রভাতফেরি, আলোচনা সভা, জোহা স্মারক বক্তৃতা, শহীদ ড. জোহা স্মারকপত্র-এর মোড়ক উন্মোচন ও মিলাদ মাহফিল। উপাচার্য এম আবদুস সোবহান শহীদ জোহা দিবস উপলক্ষে বলেন, শামসুজ্জোহার আত্মদান ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের একটি মাইলফলক। তাঁর এ আত্মদানের মধ্য দিয়ে স্বৈরশাসক আইয়ুব খান সরকারের ভিত নড়ে যায়। তিনি এ দিনটিকে সরকারিভাবে পালনের দাবি জানান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল আরেফিন জানান, শামসুজ্জোহার শাহাদাতবরণের মধ্য দিয়ে ছাত্রভক্তি, ছাত্রপ্রীতি ও কর্তব্যপরায়ণতার যে মহান দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তা সত্যিকার অর্থেই বিরল।