আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণ-অভ্যুত্থানের একপর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই চিকিৎসক নেতার স্মরণসভায় আমন্ত্রণ পাননি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম মহাসচিব মিলনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আয়োজিত স্মরণসভায় সাধারণত প্রধান অতিথি থাকেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এবারই প্রথম এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়নি। উল্লেখ্য, সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ নির্বাচনকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন।
এ প্রসঙ্গে বিএমএর মহাসচিব ইকবাল আর্সলান গতকাল প্রথম আলোকে বলেন, বরাবরের মতো এবারও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।