শহীদ ডা. মিলন দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালে স্বৈরাচারী শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তৎকালীন শাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন তিনি। ডা. মিলন সে সময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।শহীদ মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।কর্মসূচি: ডা. মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন আজ নানা কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগ সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ডিএমসি চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, জাসদ-সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল আটটায় ডিএমসি চত্বরে শহীদ মিলনের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।