শহীদ ডা. মিলন দিবস আজ
আজ ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে তৎকালীন স্বৈরা-চারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে তিনি নির্মমভাবে নিহত হন। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চারিত হয়। ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ডা. মিলন এক উজ্জ্বল নক্ষত্রের নাম। দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ চিরদিন ডা. মিলনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।বিরোধীদলীয় নেতা তাঁর বাণীতে বলেন, স্বৈরাচারের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই শহীদ হয়েছেন ডা. শামসুল আলম খান মিলন। কিন্তু আমাদের গণতন্ত্র আজও সংকটমুক্ত নয়। শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আওয়ামী লীগ, জাসদ, ডা. মিলন সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। ডা. মিলন শিশুসংসদ শিশু একাডেমীতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং জাসদ আলোচনা সভার আয়োজন করেছে। শহীদ ডা. মিলন সংসদ শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।