শহীদ ডা. মিলন দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী গণ-অভ্যুত্থানের একপর্যায়ে চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে ডা. মিলনকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী বলে উল্লেখ করেন। তিনি বলেন, মিলনের আত্মত্যাগ গণ-আন্দোলনকে গণ-অভ্যুত্থানে পরিণত করে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ডা. মিলন তখন চিকিৎসকদের সংগঠন বিএমএর যুগ্ম মহাসচিব ছিলেন। মিলনের রক্তদানের ঘটনা সেদিনের স্বৈরাচার এইচ এম এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়। দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন সংগঠন আলোচনা সভা, ঢাকা মেডিকেল চত্বরে ডা. মিলনের কবরে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।শহীদ ডা. মিলন সংসদ দিবসটি উপলক্ষে বেলা সাড়ে তিনটায় টিএসসি সড়কদ্বীপে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), জাসদ ছাত্রলীগ, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ ও স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচি পালন করবে।