শহীদ ডা. মিলনের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মিলন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন বেগবান হয় এবং এরশাদ সরকারের পতন ঘটে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মিলনের কবরে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত এবং টিএসসির সামনে মিলন স্মৃতি চত্বরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। মিলনের মা সেলিনা আকতার কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে ডা. মিলনসহ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বাণীতে বলেন, গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলোর চক্রান্ত নস্যাৎ করে দিয়ে গণতন্ত্রকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে পারলে ডা. মিলনের আত্মত্যাগ সফল হবে।
মিলন স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার, কেন্দ্রীয় নেতাদের মধ্যে মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান শওকত, এম এ করিম, শফিউদ্দিন মোল্লা, নাদের চৌধুরী প্রমুখ।