শহীদ ডা. মিলনের ২০তম মৃত্যুবার্ষিকীতে হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত দাবি
শহীদ ডা. মিলন হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন তাঁর মা সেলিনা আখতার। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি মাঠে আয়োজিত এক সভায় তিনি এ দাবি জানান। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করে ডা. মিলন সংসদ। সেলিনা আখতার বলেন, ‘মিলন গণতন্ত্র আনল। অথচ তার হত্যার কোনো বিচার হলো না। বিচারে কোনো হত্যাকারীকে চিহ্নিত করা হয়নি। স্বৈরাচারী এরশাদ এখন দম্ভ করে বলেন, মিলন ক্রসফায়ারে মারা গেছে। কিন্তু মিলনকে লক্ষ্য করে একটিমাত্র গুলিই ছোড়া হয়েছিল। অন্য কোনো পক্ষ থেকে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। মিলন পেশাজীবীদের নিয়ে স্বৈরাচারবিরোধী নানা আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন করে স্বৈরাচারের চক্ষুশূলে পরিণত হয়েছিল। হত্যার আগে তাকে বহুবার হুমকিও দেওয়া হয়েছে।’বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, স্বৈরাচারের সময় যে লুটেরা ব্যবস্থার উত্থান ও বিকাশ, তা এই গণতান্ত্রিক সময়েও রয়ে গেছে। সামরিক শাসনের বিকৃতি থেকে যাওয়ায় আজও মিলন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি। ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিলন সংসদের সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি শারফুদ্দীন আহমেদ প্রমুখ। একলা চলার নীতিতে মহাজোট স্থবির: মহাজোটের সরকার এখন একলা চলার নীতি নিয়েছে। জোটের ভেতর কিছু উচ্ছৃঙ্খল লোকজন ঢুকে পড়েছে, মহাজোট স্থবির হয়ে পড়েছে। গণতন্ত্রকে সমুন্নত করতে মহাজোটকে সক্রিয় হতে হবে, উচ্ছৃঙ্খলদের ঝেড়ে ফেলতে হবে। গতকাল মিলনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এ মন্তব্য করেন। জাসদের কেন্দ্রীয় কমিটি দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শহীদ ডা. মিলনের আত্মদান: নব্বইয়ের গণঅভ্যুত্থান’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে। সাংসদ হাসানুল হক ইনু বলেন, শামসুল আলম খান মিলন প্রাণ দিয়েছিলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচারের বিরুদ্ধে। কিন্তু তাঁর রক্তের ঋণ শোধ হয়নি। গত ২০ বছরে দেশ এক প্রধানমন্ত্রীর পর আরেক প্রধানমন্ত্রী পেয়েছে কিন্তু গণতন্ত্র পায়নি। হাসানুল হক ইনু বলেন, দেশ এখন এক ঐতিহাসিক রাজনৈতিক বাঁক পরিবর্তনের মুখে। মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর শিক্ষানীতি হয়েছে, আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। কিন্তু এই ধারা অব্যাহত থাকবে কি না, সেটিই এখন মূল প্রশ্ন। জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, ডা. মিলনের রক্তে দেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থার উত্তরণ ঘটে। কিন্তু সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী দিয়ে গণতন্ত্রকে নিয়ন্ত্রিত করে রাখা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যা, তাহের হত্যাসহ বিভিন্ন ষড়যন্ত্রকে হালাল করে যে পঞ্চম সংশোধনী সংবিধানে যুক্ত করা হয়েছিল, তাতে অনেকে লাভবান হয়েছেন। খালেদা জিয়াও বেআইনিভাবে শহীদ মইনুল রোডের বাড়ি পেয়েছেন। এখন যুদ্ধাপরাধীদের প্রতিনিধি সালাউদ্দীন কাদের চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্রের ভাষায় কথা বলছেন, ৩০ তারিখ হরতাল ডেকেছেন। জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক খালেদা জিয়ার বাড়ির ইস্যুকে কেন্দ্র করে হরতাল ডাকার বিরোধিতা করেন। এদিকে শামসুল আলম খান মিলনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, বিপ্লবী ছাত্রমৈত্রী, গণতান্ত্রিক বাম মোর্চা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।