শহীদ তাজউদ্দীন আহমদের ৮৫তম জন্মবার্ষিকী আজ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৩ জুলাই। রাজনীতিতে মেধা, দক্ষতা, যোগ্যতা ও সততার প্রতীক তাজউদ্দীন আহমদ ১৯২৫ সালের এই দিনে ঢাকার অদূরে কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাজউদ্দীন আহমদ। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে দেশে যত আন্দোলন হয়েছে, তার সবগুলোতেই সক্রিয় অংশগ্রহণ ছিল তাঁর। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করলে সংকটময় পরিস্থিতির তৈরি হয়। ওই অবস্থায় অস্থায়ী সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। স্বাধীন দেশে তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব নেন। তবে আদর্শ ও নীতিগত প্রশ্নে ১৯৭৪ সালের ২৬ অক্টোবর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কিছুদিন পর ৩ নভেম্বর তাজউদ্দীন আহমদসহ কারাগারে বন্দী জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়।কর্মসূচি: এ উপলক্ষে আজ বিকেল সাড়ে চারটায় তাজউদ্দীন আহমদ লিখিত ডায়েরির প্রকাশনা উৎসব জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।