মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মহড়া দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ধরনের মহড়া দেওয়া হয় বলে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সকালে প্রথমে আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্লোগানসহ মিছিল নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তাঁরা শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এরপর দলের অন্য অংশের দুই নেতা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে তাঁদের অনুসারীরা মিছিল করে শহীদ মিনারে গিয়ে ফুল দেন। এরপর তাঁরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। পরে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মিছিল সহকারে গিয়ে শহীদ মিনারে ফুল দেন।
সর্বশেষ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিশাল মিছিল নিয়ে শহীদ মিনারে ফুল দেন। এরপর তাঁরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের শক্তির জানান দিতেই দল দুটি বড় ধরনের মহড়া করেছে বলে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির একাধিক নেতা প্রথম আলোকে জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান বলেন, ‘আমাদের দল নির্বাচনে গেলে নির্বাচন তো করতেই হবে। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের উজ্জীবিত করতে আজকের দিনটি আমরা বেছে নিয়ে শোডাউন (মহড়া) করেছি।’
সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম বলেন, ‘আমরা প্রতিবছরই শহীদ মিনারে আসি। এ বছর লোক সমাগম একটু বেশি করেছি। সামনে নির্বাচন, সেটা আমাদের মাথায় কাজ করছে—এ কথা সত্য। আমরা নির্বাচনমুখী দলের সঙ্গে আছি।’