শহীদ দিবসের অনুষ্ঠানে এসে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র
শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে নছিমনের চাকায় পিষ্ট হয়ে লাশ হয়ে বাড়ি ফিরল স্কুলছাত্র জামাদুল ইসলাম (১৩)। গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি কবরস্থানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে বগুড়ার শেরপুরে পুলিশের একটি মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা খেলে একজন উপপরিদর্শকসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন।
শাহজাদপুরে নিহত জামাদুল উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা নেধুরপাড়া গ্রামের আনসব আলীর ছেলে। সে তালগাছি এসএ মডেল স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত।
থানার পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সাইকেল নিয়ে যোগ দিতে আসে জামাদুল। অনুষ্ঠান শুরু হতে দেরি দেখে স্কুলের সামনের নগরবাড়ী-বগুড়া মহাসড়ক দিয়ে বেড়াতে বের হয়। এ সময় একটি নছিমন সাইকেলটিকে ধাক্কা দিলে জামাদুল নিহত হয়।
প্রধান শিক্ষক ইলিয়াচ হোসেন বলেন, জামাদুলের মৃত্যুর খবরে বিদ্যালয়ের সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে তার কবিতা আবৃত্তি করার কথা ছিল।
এদিকে গত শনিবার দিবাগত রাত দুইটায় শেরপুর উপজেলার মহাসড়কের কৃষ্টপুর এলাকায় পুলিশের ডিউটিরত একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার (৪০) ও এএসআই ইকবাল হোসেন ভূঁইয়াকে (৩৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত অপর তিনজন কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।