শহীদ নূর হোসেন দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন-সংগ্রামের এক অবিস্মরণীয় দিন।
১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা স্লোগান নিয়ে বিক্ষোভ করেন যুবলীগ নেতা নূর হোসেন। রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) তিনি পুলিশের গুলিতে শহীদ হন। নূর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ঘটে।
দিবসটি পালনের জন্য আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি নিয়েছে। শহীদ নূর হোসেন সংসদ আজ সকাল ৮টায় নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছে এবং সকাল ৯টায় জুরাইনে নূর হোসেনের কবর জিয়ারত ও দোয়া প্রার্থনা হবে। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা হবে।
আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৭টায় শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে শহীদ নূর হোসেন দিবস পালনের জন্য সংগঠনের সব শাখাসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া শহীদ নূর হোসেন ফাউন্ডেশন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কর্মসূচি নিয়েছে।